ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): হাইকোর্টের আদেশে ‘বাংলাদেশ লেবার পার্টিকে’ রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক হিসেবে দলটি পেয়েছে ‘আনারস’।

 

আজ বৃহস্পতিবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের হাতে আনুষ্ঠানিকভাবে দলটিকে নিবন্ধন সনদ প্রদান করে।

 

সনদে বলা হয়, দ্যা রিপ্রেজেন্টেশন অব দ্যা পিপল অর্ডার, ১৯৭২ এর পরিচ্ছেদ VIA এর বিধান অনুযায়ী গত ২৯ মে হাইকোর্ট বিভাগের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ লেবার পার্টিকে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করা।

 

এর আগে, ২০২৩ সালের সেপ্টেম্বরে দল হিসেবে নিবন্ধনের নির্দেশনা দেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন মোস্তাফিজুর রহমান ইরান। সেই রিটের শুনানি নিয়ে গত বছরের ৫ নভেম্বর রুল জারি করেন আদালত। রুলে লেবার পার্টিকে কেন নিবন্ধন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়।

 

এরপর রুলের ওপর শুনানি শেষে চলতি বছরের ২৯ মে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ লেবার পার্টিকে ১ মাসের মধ্যে নিবন্ধন দেয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। অবশেষে রায়ের প্রায় চার মাস পর লেবার পার্টিকে নিবন্ধন দিল আদালত।

 

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান জানান, লেবার পার্টি আন্দোলন সংগ্রাম ও রাজপথে সক্রিয় রাজনৈতিক দল। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লেবার পার্টির সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে। জুলাই গনঅভ্যুত্থানে লেবার পার্টির দুইজন শাহাদাত বরন ও অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন। দীর্ঘ ১৭ বছরে হামলা মামলা নির্যাতন নিপীড়ন গ্রেপ্তার ও আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসন আমরা সাহসীকতার সাথে মোকাবিলা করেছি।

 

তিনি জানান, লেবার পার্টিকে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা আদালতে দীর্ঘ শুনানির মাধ্যমে ন্যায় বিচার পেয়েছি। কমিশন আজ বাংলাদেশ লেবার পার্টিকে আনুষ্ঠানিক ভাবে নিবন্ধন সার্টিফিকেট ও দলীয় প্রতিক প্রদান করেছে। লেবার পার্টি আরও ব্যাপকভাবে কর্মতৎপরতা বৃদ্ধি করবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শীঘ্রই বাংলাদেশ লেবার পার্টি প্রাথমিক ভাবে ১০০ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করবে, ইনশাআল্লাহ।