এইচ এম আবু বকর সিদ্দিক-বাউফল উপজেলা প্রতিনিধি (পটুয়াখালী), ২৩ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর বাউফল উপজেলায় ধানের বীজ খাওয়া নিয়ে বিরোধের জেরে এক কৃষক পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে ভুক্তভোগী বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

আজ মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর) কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হেলাল উদ্দিন মৃধা জানান, ইউনুস খানের গরু ছেড়ে দেওয়ায় তার ধানের বীজ ক্ষেত নষ্ট হয়। এ নিয়ে বিরোধের সময় ইসমাইল আকনের ছেলে আবু বকর তার ছেলেদের নিয়ে হেলাল উদ্দিনের স্ত্রী ও মেয়েদের হুমকি দেন এবং অশ্রাব্য ভাষায় গালাগালি করেন।

 

হেলাল উদ্দিন বলেন, “নিয়মিত তাদের গরু-ছাগল দিয়ে আমাদের জমির ফসল নষ্ট করা হচ্ছে। এছাড়া কবির আকনের বালু রাখার মাঠ থেকে পাশের পুকুরে বালু পড়ে পুকুর ভরাট হচ্ছে এবং গাছপালা নষ্ট করা হচ্ছে। আমি এ বিষয়ে বাউফল থানায় অভিযোগ করেছি।”

এলাকার ব্যবসায়ী মানিক খান বালু দ্বারা পরিবেশ দূষণের কথা উল্লেখ করে বলেন, “বালুর ট্রলি ওঠানামার সময় আশপাশের ঘর-বাড়ি ও দোকানে বালু উড়ে পরিবেশ দূষণ করে। ঘর-বাড়ির ভেতরে এমনকি খাবারের মধ্যেও বালু পড়ে। তাদের প্রভাব ও অর্থের জোরে আমরা নির্যাতনের শিকার হচ্ছি।”

 

এ বিষয়ে আবু বকর অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি আমার ছেলেদের নিয়ে কাউকে হুমকি দেইনি।”