ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট):  ৭ দফা দাবিতে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভে নেমেছেন। আজ বুধববার (১৭ সেপ্টেম্বর) সকালে এই অবরোধ কর্মসূচি শুরু হয়।

 

রাজধানীর সাতরাস্তা মোড়ে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টা থেকে বিক্ষোভে নেমেছেন। এতে করে যান চলাচল বন্ধ রয়েছে। কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে ব্লকেড কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। রাস্তা অবরোধ করে স্লোগানে স্লোগানে নিজেদের দাবি তুলে ধরেন তারা। এই সড়কটি অবরোধের ফলে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট তৈরি হয়। এতে অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়ে।

 

এ সময় শিক্ষার্থীদের উপ সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার বাড়ানো, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনুপাতিক নিয়োগসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায়। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।

 

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে— জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল ও নিয়োগবিধি সংশোধন।

 

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরেও সাতরাস্তা মোড় এলাকায় বিক্ষোভ করে পলিটেকনিক শিক্ষার্থীরা। প্রায় আধাঘণ্টা অবস্থানের পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যায়।

 

অন্যদিকে ৭ দফা দাবিতে দিনাজপুরে রেলপথ অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ৯টায় দিনাজপুর শহরের পলিটেকনিক ইন্সটিটিউটের পাশে ফুলবাড়ী বাসস্ট্যান্ড রেলক্রসিংয়ে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচী শুরু করে শিক্ষার্থীরা। এতে করে দিনাজপুরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

 

পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস সকাল ১০টা, রাজশাহীগামী আন্তঃনগর বাংলাবান্ধা এক্সপ্রেস সকাল ১১টা থেকে দিনাজপুর ষ্টেশনে অবস্থান করছে। এছাড়া বগুড়াগামী আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস সকাল সাড়ে ৯টা বিরল উপজেলার মঙ্গলপুর ষ্টেশনে ও বিরলগামী দিনাজপুর কমিউটার ট্রেন সকাল ১০টা থেকে চিরিরবন্দর ষ্টেশনে অবস্থান করছে।

 

বরিশালে চৌমাথা সড়ক অবরোধ করে বিভিন্ন দাবিতে বিক্ষোভে নেমেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। দুপুরে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করে। প্রায় এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

 

বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা জানায়, আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছি। প্রশাসনের কাছে দাবি জানিয়েও সমাধান পাচ্ছি না।

 

রাজশাহীতেও বিভিন্ন দাবিতে বিক্ষোভে নেমেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা।

 

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীরা উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে চলমান ষড়যন্ত্রের অভিযোগ এনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। দুপুর ১টার দিকে চান্দনা চৌরাস্তায় এই কর্মসূচি পালন করেন তারা।

 

ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি চলছে।

 

অবরোধে আরও অংশ নেন গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকার চাকরিপ্রত্যাশী শিক্ষার্থী, এমআইএসটি পলিটেকনিক ইনস্টিটিউট, রয়েল পলিটেকনিক ইনস্টিটিউট, ভাওয়াল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

 

সকালে জয়দেবপুর-শিমুলতলী সড়কের ডুয়েট গেটের পাশে এমআইএসটি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে তারা জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে ভুরুলিয়া রেলগেট, শিববাড়ি মোড় হয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থান নেন।

 

বিক্ষোভকারীরা বলেন, কারিগরি শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র এবং অযৌক্তিক দাবির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

 

এদিকে দুপুরে সচিবালয়ে প্রকৌশল পেশায় বিসিএস ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নে গঠিত কমিটির সভা হওয়ার কথা রয়েছে।