ঢাকা, ৩০ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (৩০ আগস্ট) ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকে একটি সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ।

 

তিনি বলেছেন, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি যাচাই শেষে পদক্ষেপ নেওয়া হবে।

 

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘জাতীয় পার্টি ৮২ সাল থেকে ৯০ সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্তের সঙ্গে বেঈমানি করেছে এবং রক্ত নিয়ে খেলেছে।’

 

ছাত্র-জনতার জুলাই বিপ্লবে জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগিতা করে তাদের সেই পুরনো ইতিহাস উন্মোচন করেছে মন্তব্য করে অ্যাটর্নি জেনোরেল বলেন, ‘সুতরাং নূরের ওপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটা সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের একটা অংশ। তাই তাদের (জাতীয় পার্টি) নিষিদ্ধের দাবি উঠেছে।’

 

এ বিষয়ে আইনগত দিক যাচাই-বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা।

 

গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নাগরিক অধিকার পরিষদের আওয়ামী লীগবিরোধী মিছিলে হামলা করে জাপার লোকজন। এ সময় মারধরে মারাত্মকভাবে আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

সূত্র: বাসস।