ঢাকা, ১৭ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রবিবার রাত সাতটা ১৮ মিনিটে রাজধানীর মহাখালীর ইউরেকা ফিলিং স্টেশনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট সেখানে কাজ করছে।

 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মহাখালীর আরজতপাড়া গলির মুখে (ইউনিভার্সাল মেডিকেলের পাশে) পেট্রোল পাম্পটিতে আগুন লাগে। সেখানে অকটেন, ডিজেল ও সিএনজি জ্বালানি বিক্রি করা হতো। মূলত একটি গাড়িতে গ্যাস সরবরাহ করার সময় পাম্পে আগুন লাগে। পরে তা দাউদাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর আরও আট ইউনিট বেড়ে মোট ১১ ইউনিট সেখানে কাজ শুরু করে।

 

এদিকে আগুনের ঘটনায় ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাস্থলে উৎসুক জনতার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকর্মীদের। সেখানে আইনশৃঙ্খলাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।