ঢাকা, ১৬ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ নির্বাচনমুখী হলে কোনো শক্তিই নির্বাচনে বাধা দিতে পারবে না।

 

এ সময় তিনি বলেন, রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টার ওপরে আমাদের কোনো কথা নেই। স্যার যে তারিখে বলেছেন, যে মাসে বলেছেন সে মাসেই নির্বাচন হবে। এখানে কে কি বললো তা শোনার কোনো দরকার নেই।

 

তিনি আরও বলেন, জনগণ যদি নির্বাচনমুখী হয় তাহলে কেউ নির্বাচনে বাধা দিতে পারবে না। জনগণ যখন নির্বাচনের দিকে যাবে তখন কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করার।

 

চাঁদাবাজি সম্পর্কে বলেন, মোহাম্মদপুর, মিরপুরে চাঁদাবাজিটা একটু বেশি হয়। কিন্তু কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। আপনারা চাঁদাবাজদের তথ্য দেন আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসবো। এছাড়া মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

 

এসময় একজন সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেন, একজন উপদেষ্টাকে ঘিরে চাঁদাবাজি নিয়ে নানা রকম অভিযোগ আসছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।