মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১৪ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের বায়তুল ওয়াজেদ জামে মসজিদে সভাপতি আবদুর রব হাওলাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় মুসল্লিরা।
অভিযোগে বলা হয়, তিনি মসজিদের ১০-১২টি গাছ প্রায় ৬০ হাজার টাকায় বিক্রি করেছেন এবং জমির হিসাব দেননি। এছাড়া বিদেশি অর্থায়নে মসজিদ পাকাকরণের পরও মুসল্লিদের কাছ থেকে ৫, ১০ ও ১৫ হাজার টাকা করে চাঁদা নেওয়া হয়েছে। কাজের মান খারাপ হওয়ায় দেয়ালে ফাটল ও পলেস্তারা খসে পড়েছে। এছাড়া পাঁচ মাস ধরে স্থায়ী ইমাম নেই। ওয়াক্তের নামাজও নিয়মিতভাবে আদায় হচ্ছে না।
তবে সভাপতি অভিযোগ অস্বীকার করে বলেন, দাদার নামে জমি দান করে মসজিদ প্রতিষ্ঠা করেছেন। উন্নয়নের জন্য গাছ বিক্রি করা হয়েছে এবং জমির হিসাবও রয়েছে। একটি মহল তাকে বিতর্কিত করার চেষ্টা করছে। বিদেশি সংস্থার মসজিদ আনতে তিন লাখ টাকা জমা দিতে হয়েছে এবং মুসল্লিদের কাছ থেকে প্রায় এক লাখ টাকা দান পাওয়া গেছে।
মুসল্লিরা নতুন কমিটি গঠন, স্থায়ী ইমাম নিয়োগ, মসজিদ সংস্কার এবং গাছ ও জমির সঠিক হিসাব প্রদানের দাবি জানিয়েছেন। সভাপতি জানিয়েছেন, শিগগির মুসল্লিদের মতামত নিয়ে নতুন কমিটি গঠন ও হিসাব উপস্থাপন করা হবে।