ঢাকা, ০৯ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (৯ আগস্ট) সকালে গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে র‌্যাবের কোম্পানি কমান্ডার কে. এম. এ. মামুন খান চিশতী বলেছেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় অন্যতম আসামি স্বাধীন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

 

তিনি বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত স্বাধীনকে মহানগরীর শিববাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তথ্য প্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন এবং এ ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

 

তিনি আরও বলেন, সাংবাদিক তুহিন দায়িত্ব পালনের সময় একজন নারীর সঙ্গে বাদশা নামের এক ব্যক্তির কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বাদশা তাকে থাপ্পড় মারলে স্বাধীনসহ অন্য আসামিরা তাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় তুহিন ভিডিও ফুটেজ ধারণ করলে আসামিরা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।

 

এর আগে তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রথমে ৪ জন ও পরে ৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল শুক্রবার দিবাগত রাত ও শনিবার ভোরে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হলো।

 

গ্রেপ্তারকৃতরা হলেন— কেটু মিজান ও তার স্ত্রী গোলাপী বেগম, ভবানীপুরের উত্তরা এলাকা থেকে সুমন, হোতাপাড়া থেকে আল আমিন, ময়মনসিংহের গফরগাঁও থেকে স্বাধীন ও শাহ জালাল এবং মহানগরের চান্না এলাকা থেকে ফয়সাল হাসান।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া সবার হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।