ঢাকা, ০৫ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের জাতীয় বীর, আন্দোলনকারীদের আইনি সুরক্ষা এবং গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দিয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করেছেন।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল পাঁচটা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত বৃষ্টির মধ্যে এই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা।
ঘোষণাপত্রে বলা হয়, আগামী নির্বাচিত সরকারের সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সংযুক্ত করা হবে।
এর আগে প্রধান উপদেষ্টা বিকেল পাঁচটায় প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খোলা জায়গায় পাতা চেয়ারে আসন নেন।
বৃষ্টির মধ্যে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর জুলাই শহীদ ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে প্রদর্শিত হয় জুলাই অভ্যুত্থানে আহত-নিহতের নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র।
এরপর ৫টা ২০ মিনিটে জুলাই ঘোষণাপত্র পাঠ শুরু করেন প্রধান উপদেষ্টা। শেষ হয় ৫টা ৩৪ মিনিটে।