তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ০৫ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “যথাযোগ্য মর্যাদায় রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যাগে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫।
আজ ০৫ আগষ্ট মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে পালিত হয়েছে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান।
আলোচনা সভার শুরুতেই প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয় মাননীয় প্রধান উপদেষ্টার ধারণকৃত বক্তব্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটির মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)।
সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. ওমর ফারুক, বিএনপির প্রতিনিধি মো. তারেক আহমেদ, জামায়াতে ইসলামী আমীর আব্দুল আলিম, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিগণ।
আলোচনায় বক্তারা জুলাই মাসের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং ভবিষ্যত গণতান্ত্রিক আন্দোলনে এর ভূমিকার কথা স্মরণ করেন। আলোচনাসভা শেষে জুলাই আন্দোলনে আহত সাহসী যোদ্ধাদেরকে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।