হাবিবুর রহমান হাবিব, শাল্লা উপজেলা (সুনামগঞ্জ), ০২ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): এডভোকেট অবনী মোহন দাস হাওর ভাটির মাটিমূল মানুষের একজন আস্থাভাজন  ও প্রতিবাদী কণ্ঠের রাজনীতিবিদ ছিলেন। একজন সংগ্রামী, মানবিক ও জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে নিজেকে গড়ে তুলেছিলের তিলে তিলে।  হাওর অঞ্চল তথা সুনামগঞ্জের শাল্লা উপজেলার সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন আমৃত্যু। পড়ালেখার পাঠ চুকিয়ে আইনপেশায় নিয়োজিত হলেও রাজনীতির মাঠ ছাড়েননি তিনি। অসুস্থতার সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত তিনি ২রা আগস্ট শনিবার সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেছেন।

 

মানুষের ভালোবাসা ও আস্থায় ভোটের মাঠে নিজের অপ্রতিদ্বন্ধী ইমেইজ গড়ে তোলেন। শিক্ষা জীবনেও তিনি ছিলেন অত্যন্ত মেধাবী।

 

১৯৭৪ সালে ব্রজেন্দ্রগঞ্জ রামচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭৬ সালে এমসি কলেজ, সিলেট থেকে এইচএসসি পাশ করেন। এরপর দর্শনে বিএ (অনার্স) এবং এমএ ডিগ্রি অর্জন করেন এমসি কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। পরে এলএলবিও সম্পন্ন করেন। ১৯৮৪ সালে সুনামগঞ্জ জেলা বারে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

 

১৯৮৫ সাল থেকে শাল্লা কোর্টে নিয়মিত ওকালতি করেন। রাজনীতি ও আইনপেশা চালিয়ে গেছেন সততার সাথে। মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুত হননি।

 

 

মানুষের জন্য রাজনীতিতে নিজেকে উৎসর্গ করায় মানুষ তাকে ভালোবেসে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছে বহুবার।

 

 

নিজ দলের দাপুটে নেতার মানসিক, শারিরিক নির্যাতনেও তিনি মাথা উঁচু রেখেছিলেন শেষ পর্যন্ত।

 

শেষ পর্যন্ত স্বতন্ত্র নির্বাচন করে বিপুল ভোটে দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ২০২৪ সালের ৮ মে।

 

আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৬ জানুয়ারি তাকে একটি হয়রানিমূলক মামলায় আসামি করে কারাগারে নেওয়া হয়। এর মধ্যে আরেকটি মামলায় গত ১০ ফেব্রুয়ারি তাকে আসামি করা হয়।

 

অবনী মোহন দাস হাওর উপজেলা শাল্লার মানুষের অধিকার আদায়ের সংগ্রাম ও উন্নয়নে কাজ করেছেন। বিভিন্ন ফোরামে কথা বলেছেন উচ্চকণ্ঠে। হাওরের অবকাঠামো উন্নয়নে তার প্রস্তাব মেনে নিয়ে নক্সা করতেন প্রকৌশলীরা। আজ তিনি স্মৃতি হয়ে গেলেন।

 

মৃত্যু কালে তিনি ১স্ত্রী, ২ ছেলে সহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী  রেখে যান।

 

আগামী কাল রবিবার শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে প্রিয় নেতার মরদেহ বিকালে শেষ শ্রদ্ধা নিবেদন করতে আনা হচ্ছে, এর পর নিজ গ্রাম মামুদনগর গ্রামে শেষ শ্রদ্ধা নিবেদন করে শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হবে।

 

এই রাজনীতিবিদের আত্মার শান্তি কামনা করি। তার স্মৃতি সুরক্ষিত হোক।