তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ২৪ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “প্রাণ-প্রকৃতি রক্ষায় বৃক্ষ সৃজনে সামিল হউন’ এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ইং- এর উদ্বোধন করেছেন কাজল তালুকদার। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ইং আয়োজন করেছেন রাঙামাটি সাংবাদিক সমিতি।

 

এতে রাঙামাটি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরীর উপস্থিতে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন  রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ জনাব কাজল তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রতুল দেওয়ান, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিৎ কুমার চাকমা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি ওমর ফারুক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা কমিটির সম্পাদক এম জিসান বখতেয়ার।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, পরিবেশ সুরক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। পার্বত্য চট্টগ্রামের পরিবেশ সুরক্ষায় সবাইকে পরিবেশবান্ধব বৃক্ষরোপণে সামিল হওয়া দরকার। জেলা পরিষদ আগামীতেও রাঙামাটি সাংবাদিক সমিতিকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতে পারি  বলেও আশাব্যক্ত করেন।

 

রাঙামাটি সাংবাদিক সমিতির পক্ষে জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও রাঙামাটি সাংবাদিক সমিতির আয়োজনে বৃক্ষরোপণের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নানান প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।