ঢাকা,২০ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রবিবার (২০ জুলাই) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যে সময় যে পরিস্থিতি, সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হয়।
গত সপ্তাহে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের তীব্র সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীকে গুলি ছুড়তে দেখা যায়। সংঘর্ষের জেরে সরকার প্রথমে কারফিউ এবং পরে ১৪৪ ধারা জারি করে। বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ১৪৪ ধারা বলবৎ রয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গোপালগঞ্জে ধীরে ধীরে ১৪৪ ধারা উঠিয়ে নেওয়া হবে। যারা অন্যায় করেছে তাদেরই শুধু গ্রেপ্তার করা হচ্ছে। কোনো নিরীহ ব্যক্তিকে হয়রানি করা হবে না।
ঘটনার পর গোপালগঞ্জে এখনো কোনো মামলা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ মামলা করবে কি না, সে বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
৯ শিশুকে আটকে রাখার অভিযোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই। এ বিষয়ে কোন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেটি আমাকে জানান।’ তখন সাংবাদিকরা একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন উল্লেখ করেন।
রবিবার ছাত্রলীগের হরতাল এবং সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, ‘হরতাল হয়েছে কি না সেটাই বড় প্রশ্ন। দুটি গাড়ি পোড়ানো হয়েছে ঠিক, তবে অন্যান্য সময়ের তুলনায় এবার পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রাখা গেছে।’
জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন পরিচালনায় সক্ষম। আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। প্রশিক্ষণ চলছে। সময়মতো নির্বাচনের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত থাকব, ইনশাআল্লাহ।’