তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ১৬ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাঙামাটিতে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে।

 

বুধবার দুপুরে রাঙামাটি জেলার কাঠালতলী দলীয় কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ সম্পাদক দীপেন দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

এসময় বক্তারা বলেন একটি গুপ্ত সংগঠন ও আরেকটি নতুন বন্দোবস্ত নামে বর্ণচোরা সংগঠন দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। বিএনপি ও তারেক রহমানকে নিয়ে জনসভা, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। তাদের বলে দিতে চাই আপনারা এগুলো বন্ধ করুন। কোন অবস্থায় সীমা লঙ্ঘন করবে না। সীমা লঙ্ঘন করে কি হয়, সেটা ৫ আগস্ট দেখেছেন। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে ভারত গেছে। আপনাদের মধ্যে যদি পাকিস্তান প্রেম থাকে তাহলে সেখানেই পাঠানো হবে।

 

বক্তারা আরো বলেন, নতুন সদস্য সংগ্রহ করার সময় সবাই সতর্ক থাকবেন, যাতে ফ্যাসিস্ট, গুপ্ত সংগঠন ও বর্ণচোরা কেউ দলে ঢুকতে না পারে। নতুন বন্দোবস্তকারীদের বলন, নিজেদের সংযত করুন। হিসাব করে কথা বলুন। আওয়ামীলীগের পেছনে তো বিশাল কর্মী বাহিনী ছিল, তারপরও তাদের অবস্থা দেখেছেন। আর আপনাদের সাথে কিন্তু আপনাদের বউ বাচ্চাও নাই। সেটা মনে রাখবেন। আমাদের নেতারা বহু কষ্টে আপনাদের কথা হজম করছেন। কিন্তু প্রান্তিক নেতা কর্মীদের নিয়ন্ত্রন করতে আমাদের প্রচন্ড কষ্ট হচ্ছে।