গোপালগঞ্জ,১৬ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। বুধবার বেলা দেড়টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করে মঞ্চে হামলা চালিয়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা হঠাৎ করেই মিছিল নিয়ে এসে সমাবেশস্থলে চড়াও হয়। তখনো পর্যন্ত এনসিপি কেন্দ্রীয় নেতাকর্মীরা শহরে উপস্থিত থাকলেও মূল মঞ্চে পৌঁছাননি।
এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউএনও’র গাড়ি বহরে হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনী।
এনসিপির মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পথসভার আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে মার্চ টু গোপালগঞ্জ।
জানা গেছে, বুধবার সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার উলপুর সংযোগ সড়কে (লিংক রোড) পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল প্রথমে সেই কর্মসূচিতে বাধা দেয়। পরে তারা পুলিশের একটি গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়।
পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনী।
এদিকে গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে আটক করেছে সেনাবাহিনী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
এ ছাড়া উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ কোটালীপাড়া সড়ক, গোপালগঞ্জ টেকেরহাট সড়ক ও টুঙ্গিপাড়ায় এপিসি মোতায়েন করেছে সেনাবাহিনী।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসজুড়ে জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এনসিপির মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পথসভার আয়োজন করা হয়েছে। এ কর্মসূচির নাম দেওয়া হয়েছে মার্চ টু গোপালগঞ্জ।