কবির আকন্দ-শ্রীপুর উপজেলা প্রতিনিধি (গাজীপুর), ০৯ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): গাজীপুরের শ্রীপুর উপজেলায় মালিকের অনুপস্থিতিতে একটি জমি দখলের উদ্দেশ্যে প্রায় ৫ লাখ টাকা মূল্যের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রামে এই ঘটনা ঘটে।

 

এ ঘটনায় জমির মালিক মোঃ কামাল উদ্দিন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-৯ জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন- তালতলী গ্রামের মোঃ খালেক (৫০), নিয়াজ উদ্দিন (৬০) এবং শফিকুল (৪০)।

 

অভিযোগ সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার হবির বাড়ী গ্রামের বাসিন্দা মোঃ কামাল উদ্দিন শ্রীপুরের তালতলী গ্রামে জমি কিনে বাড়ি নির্মাণ করেন। বর্তমানে তিনি সপরিবারে ভালুকায় বসবাস করায় বাড়িটি দেখাশোনার জন্য কেউ ছিল না। এই সুযোগে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার জমিটি জবরদখলের চেষ্টা করে আসছিল। কামাল উদ্দিন বিষয়টি জানতে পেরে তাদের বাধা দিলে তারা বিভিন্ন সময়ে হুমকি-ধমকি প্রদান করে।

 

অভিযোগে আরও বলা হয়, গত ৮ জুলাই, ২০২৫ তারিখে সকাল আনুমানিক ৮টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে ধারালো দা, কুড়াল, করাত ও লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কামাল উদ্দিনের জমিতে অনধিকার প্রবেশ করে। এরপর তারা জমির সীমানায় থাকা প্রায় ১৪-১৫টি বড় আকাশী গাছ কেটে ফেলে। কাটা গাছগুলোর আনুমানিক বাজারমূল্য ৫ লাখ টাকা। গাছগুলো কাটার পর তারা একটি গাড়িতে করে সেগুলো সরিয়ে ফেলে।

 

ভুক্তভোগী কামাল উদ্দিন জানান, “খবর পেয়ে আমি সেদিন বিকেলে ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে গাছ কাটার আলামত দেখতে পেলেও অভিযুক্তদের পাইনি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে থানায় এসে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ দিয়েছি।”

 

এ বিষয়ে বিবাদীদের যোগাযোগ করলে  বিবাদীরা বলেন আমরা টাকা পাবো ৩৫ হাজার সেই ভিত্তিতেই গাছ  আমরা কেটে এনেছি।

 

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক  বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে  ব্যবস্থা গ্রহণ করা হবে।