ঢাকা, ০৮ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সেমিনারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হাওর সুরক্ষায় মহাপরিকল্পনা হালনাগাদ করাসহ চার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, “হাওর মহাপরিকল্পনার কাজ শুরু হয় ২০২৩ সালে। মহাপরিকল্পনাটা হালনাগাদ করা হয়েছে।
“হাওর এলাকার মানুষের মতামতটা এখানে প্রতিফলিত হবে এবং হাওরগুলোর সীমানা চিহ্নিত করার একটা বিধান রাখা হবে।”
হাওরে কখন বাঁধ নির্মাণ করা হবে, কীভাবে স্থানীয় উপকারভোগী নির্ধারণ করা হবে, আর কাদেরকে বাঁধ নির্মাণের কাজে যোগ করানো হবে- সে সংক্রান্ত নির্দেশিকাও সংশোধন করা হবে বলে জানান উপদেষ্টা।
‘হাওরের সংকট ও সম্ভাবনা’ শিরোনামে নেত্রকোণা সাংবাদিক ফোরাম এ সেমিনার আয়োজন করে।
এতে রিজওয়ানা বলেন, কালনার হাওর, খরচার হাওর ও কালিয়াকোটা হাওরসহ পাঁচ হাওরে গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।
“কারণ এখানে গাছের সংখ্যা অনেক কম। এর বাইরেও যদি কোনো কোনো হাওর নেওয়া যায় সেটা আপনারা আমাকে জানাতে পারেন।…আমি গাছ লাগিয়ে দেই, তারপর ৯০ ভাগ মানুষ জ্বালানীর জন্য কেটে নেয়, তাহলে তো কোন কাজের কথা হল না, সেখানে আমাদেরকে একটা মনিটরিং প্ল্যানে আসতে হবে।”
হাওরের পর্যটন নিয়ন্ত্রণে সুরক্ষা আদেশ প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
“আশা করি এটা চূড়ান্ত করব। সেখানে আমরা বলে দেব, পর্যটকরা কী করতে পারবেন, কী পারবেন না। এগুলোর ক্ষেত্রে পর্যটকদের সতর্ক হতে হবে।”