ইন্টারন্যাশনাল ডেস্ক, ২১ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে একযোগে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের মুখে পড়েছে ইরান। ইরানের উত্তরাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পাশাপাশি ইসরায়েলের বিমান হামলায় দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, সেমনান শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর না মিললেও স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে, কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে ও হালকা ধস নেমেছে।

 

এদিকে একই সময়ে ইসরায়েলি বিমান বাহিনী একাধিক ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। রাজধানী তেহরান ও কাশানসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ও লজিস্টিক ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা হয় বলে জানিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী।

 

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ভূমিকম্প ও বিমান হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। রেড ক্রিসেন্ট এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো জরুরি উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর প্রতি নজরদারি বাড়ানো হয়েছে।

 

ভূমিকম্প-আক্রান্ত এলাকাগুলোতে ইন্টারনেট ও ব্যাংকিং সেবা বিঘ্নিত হওয়ায় উদ্ধার কার্যক্রমে বিঘ্ন ঘটছে বলে জানায় ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

 

বিশ্লেষকরা বলছেন, এই দ্বৈত দুর্যোগ ইরানের অবকাঠামো এবং জাতীয় নিরাপত্তা ব্যবস্থার ওপর মারাত্মক চাপ তৈরি করছে।