ইন্টারন্যাশনাল ডেস্ক, ৩১ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনে জীবনদানকারী শহীদদের জন্য দোয়া চেয়েছেন।
তিনি বলেছেন, ‘আমরা যাতে সব শহীদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি সে জন্য সবাই দোয়া করবেন।’তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশাপাশি দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের জন্য দোয়া চান।
তারেক রহমান বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ছিলেন, ঠিক একইভাবে পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের গতিকে প্রতিরোধ করা হয়েছিল। দেশে গণতন্ত্র, মানুষের অধিকার, রাজনৈতিক অধিকার ও কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে বিএনপি ও এর বাইরেও বহু রাজনৈতিক দলের নেতাকর্মী এমনকি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ হয়েছেন। হাজারো মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পঙ্গুত্ববরণ করেছেন অনেকেই।
‘বিশেষ করে আমরা যদি জুলাই-আগস্টের আন্দোলনের দিনগুলোর কথা মনে করি, তাহলে দেখবো সেই পলাতক স্বৈরাচার ক্ষমতা ধরে রাখার জন্য যে হারে মানুষকে হত্যা করেছে, বহু মানুষের দৃষ্টি কেড়ে নিয়েছে। জাতিসংঘের হিসাবে ৬৬ জন শিশুকে হত্যা করা হয়েছে। আমরা এসব মানুষের জন্য দোয়া করব।’ বলেন তারেক রহমান।
তারেক রহমান সবার প্রতি অনুরোধ করে বলেন, ‘যে মানুষগুলো আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তাদের প্রত্যাশা অনুযায়ী যাতে আমরা আগামী দিনে দেশকে গড়ে তুলতে পারি, সে জন্য দোয়া করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হিসেবে সবার প্রতি আমার এই প্রার্থনা।’
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ।