শাকিল আহমেদ-কালিয়াকৈর (গাজীপুর), ১৯ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৪ নম্বর ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ মে) ভোররাতে কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

ইসমাইল হোসেন কালিয়াকৈর পৌরসভার বক্তারপুর এলাকার বাসিন্দা গাউজ মিয়ার ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন গত ৫ আগস্ট সংঘটিত ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় দায়ের করা ৩৬ নম্বর হত্যা মামলার অন্যতম আসামি। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ সোমবার ভোররাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।