মুম্বইয়ের জুহুতে ফুটবল মাঠ থেকে বের হওয়ার পথে বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা খুব কাছ থেকে গুলি চালালে গাড়ির চালক গুরুতর আহত হন। এমন উদ্বেগজনক পরিস্থিতিতেও টাইগার শ্রফ সাহসিকতার পরিচয় দিয়ে নিজেই গাড়ির স্টিয়ারিং ধরেন এবং দ্রুত আহত চালককে চিকিৎসার জন্য নানাবতী হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর রাস্তায় রক্তের দাগ দেখা যায়। বর্তমানে জুহু পুলিশ অজ্ঞাতপরিচয় তিনজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ও অস্ত্র আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হামলাকারীদের ছবির সূত্র ধরে পুলিশ তাদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, হামলাকারীরা পালানোর সময় একটি পালসার মোটরসাইকেল ব্যবহার করেছিল, যা পরে ডিএন নগর থানা থেকে উদ্ধার করা হয়েছে। তদন্তে বেরিয়ে এসেছে যে, এই মোটরসাইকেলটি তিনবার মালিকানা পরিবর্তনের পর আসামিরা সংগ্রহ করেছিল। তারা জুহু থেকে আন্ধেরি স্টেশনে গিয়ে ট্রেনযোগে এলাকা ত্যাগ করেছে বলে ধারণা করছে পুলিশ।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে মুম্বই থেকে ছেড়ে যাওয়া ট্রেন এবং সরকারি-বেসরকারি বাসগুলোতে তল্লাশি জোরদার করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের গতিবিধির ওপর নজর রাখছে। প্রকাশিত একটি ক্লোজ-আপ ছবিতে সন্দেহভাজনদের মধ্যে একজনকে কালো ক্যাপ পরিহিত অবস্থায় দেখা গেছে। পুরো ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে মুম্বই পুলিশ।
Leave a Reply