শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গোপন বৈঠক চলাকালীন যুব মহিলা লীগের চার নেত্রী ও সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ সময় দেখুন

 আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ১৮ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গোপন বৈঠক চলাকালীন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুব মহিলা লীগের চার নেত্রী ও সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, এলাকায় অরাজকতা সৃষ্টি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তারা গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে পৌরসভার রাধানগর (কলেজপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- আখাউড়া উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ফাতেমা বেগম (৪০), সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি প্রার্থী মোছা. রোকসানা আক্তার (৪২), আখাউড়া পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেখা খানম (৪২) এবং আখাউড়া যুব মহিলা লীগের সক্রিয় সদস্য নাজমা বেগম (৩৬)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে আখাউড়া পৌরসভার রাধানগর (কলেজপাড়া) এলাকায় কয়েকজন নারী গোপন বৈঠকে বসেছেন- এমন তথ্য পায় পুলিশ। পরে আখাউড়া থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা অন্যরা সরে গেলেও চার নেত্রীকে আটক করা হয়।

আখাউড়া থানা পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তাদের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পুলিশ আরও দাবি করেছে, থানা এলাকায় অরাজকতা সৃষ্টি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে ওই বৈঠকের আয়োজন করা হয়েছিল। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

আখাউড়া থানার ওসি জাবেদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চার নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর