হেলথ ডেস্ক, ১২ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দেশজুড়ে হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৯৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। আজ রবিবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ৪ জন এবং হামে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৮৭৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ১১ হাজার ৪৮০ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এছাড়া একই সময়ে মোট ১৩ হাজার ৫০০ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯৪ হাজার ৩৪০ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯০ হাজার ৬০৫ জন।
হামের বিস্তার রোধে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি শিশুদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
Leave a Reply