মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ২১ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকার সাভারে অভিযান চালিয়ে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। আজ শুক্রবার (২০ জুন) রাতে সাভার মডেল থানার নামা গেন্ডা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. ইউসুফ আজাদ মিলন (৪৩)। তিনি বরগুনা জেলার বামনা থানার সোনাখালী মাস্টারবাড়ী এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি সাভারের সাদাপুর পুরানোবাড়ী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) শেখ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। এ সময় আসামীর কাছ থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ২৪ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৯ হাজার ৬০০ টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply