বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে আরও ১ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৯ সময় দেখুন

ঢাকা, ১৭ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে আরও ১ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে গত তিন দিনে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ব্যাংকটি মোট ৭ হাজার ৫০০ কোটি টাকার আর্থিক সহায়তা পেয়েছে। আজ বুধবার (১৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, গত কয়েক বছরে ঋণ বিতরণে অনিয়ম, খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি এবং আমানতকারীদের আস্থার সংকটের কারণে ইসলামী ব্যাংক তারল্য চাপে পড়ে। এর ফলে গ্রাহকদের অর্থ উত্তোলনসহ বিভিন্ন ব্যাংকিং সেবায় প্রভাব দেখা দেয়।

এই পরিস্থিতিতে গ্রাহকদের স্বাভাবিক লেনদেন নিশ্চিত করতে এবং ব্যাংকটির তারল্য সংকট কাটাতে ধারাবাহিকভাবে অর্থসহায়তা দিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে মঙ্গলবার (১৬ জুন) ইসলামী ব্যাংকের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। বৈঠক শেষে সংগঠনটি সাত দফা দাবি উত্থাপন করে।

দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল বিতর্কিতভাবে অধিগ্রহণ করা হয়েছে বলে অভিযোগ থাকা শেয়ার আগের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া অথবা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে বিক্রির উদ্যোগ নেওয়া। তাদের মতে, এতে ব্যাংকের মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।

এ ছাড়া সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পুনর্বহালের বিষয়টি নতুন পরিচালনা পর্ষদ আইন অনুযায়ী বিবেচনা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে রাজনৈতিক প্রভাবমুক্ত ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠনের বিষয়েও ইতিবাচক অবস্থানের কথা জানানো হয়েছে।

এর আগে ১৫ জুন ইসলামী ব্যাংক এক বিশেষ নোটিশে জানায়, চলমান পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে যেসব গ্রাহক মেয়াদপূর্তির আগেই (প্রি-ম্যাচিউর) সঞ্চয় বা আমানত হিসাব ভেঙেছেন, তারা সাত কর্মদিবসের মধ্যে হিসাব পুনরায় চালু করলে প্রি-ম্যাচিউর নগদায়নের কারণে আরোপিত সব ধরনের চার্জ ও আর্থিক ক্ষতি মওকুফ করা হবে।

উল্লেখ্য, ১৪ জুন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমসহ পরিচালনা পর্ষদের সব পরিচালকের নিয়োগ বাতিল করে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটিতে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর