মোঃ নাঈম সরকার রিফাত, দাউদকান্দি উপজেলা প্রতিনিধি (কুমিল্লা), ১৮ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি পাম্পের বিরুদ্ধে তেল কম দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তারা ১ লিটার তেল কিনলেও নির্ধারিত পরিমাণের তুলনায় কম তেল পাচ্ছেন, ফলে প্রতিনিয়ত আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি সরেজমিনে যাচাই করতে ঘটনাস্থলে যান এই প্রতিবেদক মোঃ নাঈম সরকার রিফাত। সেখানে গিয়ে তিনি নিজেই পাম্প থেকে ১ লিটার তেল সংগ্রহ করেন এবং একটি নির্দিষ্ট বোতলে তা সংরক্ষণ করে পরবর্তীতে ওজন পরিমাপ করেন।
সাধারণভাবে ১ লিটার তেলের ওজন প্রায় ৯০০ গ্রাম হওয়ার কথা। কিন্তু প্রতিবেদকের নিজস্ব পরিমাপে দেখা যায়, ১ লিটার হিসেবে বিক্রি করা তেলের পরিমাণ বাস্তবে প্রায় ৭৫০ গ্রামের কিছু বেশি, যা নির্ধারিত মানের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
এ বিষয়ে স্থানীয় ভুক্তভোগীরা জানান, তারা দীর্ঘদিন ধরেই তেল কম পাওয়ার বিষয়টি লক্ষ্য করছেন। তবে সুনির্দিষ্টভাবে প্রমাণ করতে না পারায় এতদিন বিষয়টি প্রকাশ্যে আনতে পারেননি। তাদের অভিযোগ, এভাবে প্রতিদিন অল্প অল্প করে তেল কম দিয়ে পাম্প কর্তৃপক্ষ অতিরিক্ত মুনাফা অর্জন করছে।
প্রতিবেদকের সরেজমিন অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বেড়েছে।
এ অবস্থায় এলাকাবাসী সংশ্লিষ্ট সরকারি দপ্তর, বিশেষ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপের জোর দাবি জানিয়েছেন। তারা বলেন, নিয়মিত নজরদারি ও কঠোর অভিযান পরিচালনার মাধ্যমে এ ধরনের অনিয়ম বন্ধ করতে হবে।
সচেতন মহলের মতে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পণ্যের পরিমাণ কম দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ। তাই দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। পাশাপাশি সরকারকে এ ধরনের অনিয়ম রোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো পাম্প এভাবে সাধারণ মানুষকে প্রতারণা করতে না পারে, সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় এখনই কার্যকর উদ্যোগ নেওয়া সময়ের দাবি বলে মনে করছেন এলাকাবাসী।
Leave a Reply