ঢাকা, ৩০ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিনের স্ত্রী ও শিক্ষাবিদ অধ্যাপক দিলারা হাফিজের নামাজে জানাজা আজ সোমবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব, পরিবারের সদস্য, আত্মীয়স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরাও।
জাতীয় সংসদ সচিবালয় জানায়, গত শনিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিলারা হাফিজ। এর আগে গুরুতর অসুস্থ হয়ে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি নিবিড় পরিচর্যায় ছিলেন।
রবিবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়। দিলারা হাফিজের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
দিলারা হাফিজ শিক্ষাজীবনে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। তিনি ইডেন মহিলা কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে কর্মজীবন শেষ করেন।
Leave a Reply