সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

বিএনপি ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : তারেক রহমান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮২ সময় দেখুন

নীলফামারী, ০৭ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার নীলফামারীতে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এটি এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি।

তিনি বলেন, ‘১২ তারিখে দেশের মানুষ ভোট দিতে যাচ্ছে। শুধু ভোট দিলেই হবে না, দেশও গঠন করতে হবে। আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমাদের প্রথম ও শেষ ঠিকানা বাংলাদেশ।’

তারেক রহমান বলেন, নীলফামারী এলাকায় ইপিজেড রয়েছে। বিএনপি সরকার গঠন করলে এ ইপিজেড আরও সম্প্রসারণ করা হবে, যাতে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। পাশাপাশি যুবসমাজকে দক্ষ করে তুলতে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।

বিএনপি ক্ষমতায় এলে নারী সমাজকে স্বাবলম্বী করে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। তারেক রহমান বলেন, ‘প্রত্যেক নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে তারা সরকারের সহযোগিতা পাবেন।’ কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, মসজিদ-মাদ্রাসার ইমাম, খতিবসহ বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা মানবেতর জীবনযাপন করছেন। বিএনপি সরকারে গেলে তাঁদের জন্য সম্মানীর ব্যবস্থা করা হবে।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে অন্যতম প্রধান কাজ হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা, যাতে এই অঞ্চল শস্য-শ্যামল হয়ে ওঠে। একই সঙ্গে নীলফামারীতে মেডিকেল কলেজ স্থাপন, কিশোরগঞ্জ-সৈয়দপুর শিল্পাঞ্চল উন্নয়ন এবং রেল কারখানাসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার আশ্বাস দেন তিনি।

জনসভায় তারেক রহমান অভিযোগ করে বলেন, একটি মহল ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে যাতে তারা ভোট দিতে না পারে। এ ধরনের অন্যায় হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর