সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

আশুলিয়ার জামগড়া রূপায়ন মাঠ ছিনতাইকারীদের নিরাপদ আস্তানা : আতঙ্কে শ্রমজীবী মানুষ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ২৮ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকার প্রধান শিল্পাঞ্চল আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামগড়া এলাকা এবং ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভাদাইল সংলগ্ন রূপায়ন আবাসন-১ এর মাঠ ও আশপাশের এলাকা বর্তমানে চোর, ছিনতাইকারী ও মাদকসেবী সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। এতে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন ওই এলাকার শ্রমজীবী মানুষ ও সাধারণ পথচারীরা।

আজ বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সরেজমিনে ওই এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দা ও একাধিক ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, গত এক সপ্তাহে জামগড়া ও ভাদাইল ইউনিয়নের সীমান্তবর্তী রূপায়ন আবাসন মাঠের ভেতর ও আশপাশ এলাকায় অন্তত ১০ থেকে ১২টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এলাকাবাসীর অভিযোগ, একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র ও মাদকসন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে এই এলাকায় অবাধে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিশেষ করে প্রতিদিন বিকেল ৫টার পর গার্মেন্টস ও বিভিন্ন অফিস ছুটি হলে রাত ১০টা পর্যন্ত শ্রমিক ও কর্মজীবী মানুষের চলাচলের সুযোগ নিয়ে মোবাইল ফোন, নগদ টাকা, ব্যাগ ও স্বর্ণালংকার ছিনতাই করা হচ্ছে।

একাধিক ভুক্তভোগী জানান, ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে সর্বস্ব লুটে নিচ্ছে। অনেক ক্ষেত্রে বাধা দিতে গেলে মারধরের ঘটনাও ঘটছে। নারী শ্রমিক ও পথচারীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন বলে জানান তারা।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “সন্ধ্যার পর এই মাঠটা পুরোপুরি ছিনতাইকারীদের দখলে চলে যায়। চারপাশে পর্যাপ্ত আলো নেই, পুলিশ টহলও তেমন দেখা যায় না। আমরা আতঙ্কের মধ্যে চলাফেরা করছি।”

আরেকজন শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিদিন কাজ শেষে বাড়ি ফিরতে ভয় লাগে। দুই দিন আগেই আমার এক সহকর্মীর মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।”

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুবেল হাওলাদার জানান, এলাকায় পুলিশের অভিযান চলমান রয়েছে। তিনি বলেন,
“অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।”

এদিকে দ্রুত এলাকায় নিয়মিত পুলিশ টহল, সিসিটিভি স্থাপন এবং পর্যাপ্ত আলোকসজ্জার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। না হলে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর