মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৫৪ সময় দেখুন

ঢাকা, ০৩ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার ও উদ্ভাবনী সক্ষমতা প্রদর্শনের লক্ষ্য নিয়ে পর্দা উঠলো ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ)।

 

এই মেলা উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে পূর্বনির্ধারিত ১ জানুয়ারির পরিবর্তে আজ মেলাটি আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

 

উদ্বোধনী বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা মেলাটিকে বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসের একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, বাণিজ্য মেলা কেবল পণ্য বিক্রির জায়গা নয়, এটি আমাদের নতুন নতুন উদ্যোগ ও সৃজনশীলতার এক বিশাল প্রদর্শনী।

 

তিনি আশা প্রকাশ করেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশি উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজারের চাহিদার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে পারবেন।

 

উপদেষ্টা আরও জানান, এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় পণ্য বহুমুখীকরণ ও নতুন বাজার খোঁজার বিকল্প নেই। সেই লক্ষ্যেই এবারের মেলায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

রপ্তানি খাতকে উৎসাহিত করতে প্রতি বছরের ন্যায় এবারও একটি বিশেষ খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ‘পেপার এন্ড প্যাকেজিং প্রোডাক্টস’ বা কাগজ ও মোড়কজাত পণ্যকে ২০২৬ সালের জন্য ‘বর্ষপণ্য’ (Product of the Year) হিসেবে ঘোষণা করেন। উৎপাদন ও বিপণনে উৎসাহ দিতে এই খাতকে বিশেষ সরকারি সুবিধা প্রদান করা হবে।

 

এবারের মেলা সাজানো হয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা ও পরিবেশবান্ধব চিন্তা নিয়ে— মেলা প্রাঙ্গণে পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসেবে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পরিবেশবান্ধব ব্যাগ সরবরাহ করা হচ্ছে।

 

এবার দেশি-বিদেশি মিলিয়ে মোট ৩২৪টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্টুরেন্ট মেলায় অংশ নিচ্ছে।

 

অন-স্পট টিকিটের পাশাপাশি এবার ই-টিকিটিং ব্যবস্থা রাখা হয়েছে। দর্শনার্থীরা অনলাইনে টিকিট কেটে কিউআর কোড স্ক্যান করে সহজেই প্রবেশ করতে পারবেন।

 

দর্শনার্থীদের জন্য বিআরটিসির বিশেষ বাস সার্ভিসের পাশাপাশি এবার প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘পাঠাও’ সার্ভিস, যা বিশেষ ছাড়ে যাতায়াতের সুযোগ দেবে।

 

১৯৯৫ সাল থেকে রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলা আয়োজিত হয়ে আসলেও ২০২২ সাল থেকে এটি স্থায়ীভাবে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর