শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশানের বাসা থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে নেয়া হয়েছে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৮ সময় দেখুন

ঢাকা, ৩১ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর গুলশানের বাসা থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে নেয়া হয়েছে। আজ বুধবার দুপুর পৌনে ১২টার কিছু পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করে খালেদা জিয়ার মরদেহ বহনকারী পতাকায় মোড়ানো গাড়িবহর।

 

এদিন দুপুর ২টায় গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে কফিন রাখা হবে বলে গতকাল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠিত হবে বলেও প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।

 

এর আগে বেলা ১১টা ৫ মিনিটের দিকে গুলশান-২ এ ছেলে তারেক রহমানের ১৯৬ নম্বর বাসা থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে রওনা হয় খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িটি। একই সময় লাল-সবুজ বাসে করে মরদেহ বহনকারী গাড়ি অনুসরণ করে মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

পরে গাড়িবহর গুলশান-২ এর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ হয়ে এয়ারপোর্ট রোড ধরে মহাখালী ফ্লাইওভার দিয়ে জাহাঙ্গীর গেটে আসে। এরপর সেখান থেকে বিজয় সরণির উড়োজাহাজ ক্রসিং হয়ে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় প্রবেশ করে।

 

এর আগে, সকাল ৮টা ৫৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে লাল-সবুজের পতাকা মোড়ানো গাড়িতে করে বের করা হয় বেগম খালেদা জিয়ার মরদেহ। সোয়া ৯টার দিকে গুলশানে ছেলের বাসায় পৌঁছায় বিএনপি নেত্রীর মরদেহ। সেখানে নেতাকর্মী ও স্বজনেরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।

 

এদিকে, বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পৌষের হার কাঁপানো শীত উপেক্ষা করে ভোর রাজধানীতে দলে দলে আসছেন মানুষ। এছাড়া রাতেই জাতীয় সংসদ ভবন এলাকা, এভারকেয়ার, গুলশান কার্যালয় ও ফিরোজার সামনে নেতাকর্মীরা ভিড় করেন। বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আজ ঢাকায় আসছেন ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধি। জানাজা ঘিরে রাজধানীজুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর