জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ২০ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ এবং সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আব্দুল করিম খন্দকার (অবসরপ্রাপ্ত), বীর উত্তম, ইন্তেকাল করেছেন। তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৫ বছর।
আইএসপিআরের এক শোকবার্তায় জানানো হয়, এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের মৃত্যুতে জাতি এক গর্বিত সন্তানকে হারাল। তার প্রয়াণে দেশ গভীর শোকাহত।
শোকবার্তায় বলা হয়, এ কে খন্দকার শুধু একজন বীর মুক্তিযোদ্ধাই নন, তিনি ছিলেন একজন দূরদর্শী সামরিক নেতা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার অটুট নিষ্ঠা, কৌশলগত প্রজ্ঞা ও অদম্য চেতনা মুক্তিযুদ্ধের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে তিনি মুক্তিযুদ্ধের বিভিন্ন সামরিক কার্যক্রমের সমন্বয়সাধনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
স্বাধীনতার পর এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার প্রথম বাংলাদেশ বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার দক্ষ নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ বিমান বাহিনী পুনর্গঠিত হয় এবং একটি সুসংগঠিত বাহিনীতে রূপ নেয়।
দেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য সাহসিকতা ও দেশপ্রেমিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করা হয়। এ ছাড়া মুক্তিযুদ্ধ পরিচালনা, স্বাধীনতা-উত্তর বাংলাদেশ বিমান বাহিনী গঠনে অনন্য ভূমিকা এবং দেশ গঠনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১১ সালে তাকে ‘স্বাধীনতা পুরস্কার’ প্রদান করে সরকার।
আইএসপিআর জানায়, মৃত্যুকালে তিনি এক কন্যা, দুই পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শোকবার্তায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
আইএসপিআর আরও জানায়, আগামীকাল রবিবার রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারের প্যারেড গ্রাউন্ডে দুপুর ১টা ৪৫ মিনিটে জানাজা ও গার্ড অব অনার প্রদান করা হবে।
Leave a Reply