সোমবার, ০১ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৮১ সময় দেখুন

ঢাকা, ১৩ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোর কমিটির মিটিং শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান আরও জোরদার ও বেগবান করতে দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেইজ-২ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

তিনি জানান, আজকের সভায় রুটিন আলোচনার পাশাপাশি আগামী নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিসহ জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি বিশেষভাবে আলোচনা হয়েছে।

 

অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ লক্ষ্যে একটি ছোট কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে।

 

তিনি আরও বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। আশা করা হচ্ছে, খুব দ্রুত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যাবে। এ ঘটনায় জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেয়া হবে না। এ ক্ষেত্রে জনগণের সার্বিক সহযোগিতা পাওয়া যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। হাদির ওপর হামলার আসামিদের ধরার প্রক্রিয়া চলমান রয়েছে এবং দ্রুত তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি জানান।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদির ওপর হামলাটি আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার একটি অপপ্রয়াস। এ ধরনের যে কোনো চেষ্টা সরকার কঠোর হাতে দমন করবে। তিনি জানান, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, অর্থাৎ প্রার্থীরা, তারা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে অনুমতি দেয়া হবে। যেসব প্রার্থী ইতোমধ্যে তাদের অস্ত্র জমা দিয়েছেন, তাদের অস্ত্র ফেরত দেয়া হবে।

 

এ ছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। তার নিরাপত্তার জন্য যেসব প্রস্তুতি প্রয়োজন, সবই নেয়া হবে এবং তাকে যথাযথ নিরাপত্তা প্রদান করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর