ঢাকা, ২৭ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার বিকালে আইনজীবী জেড আই খান পান্না নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় জানান যে, আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম-নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষে আদালতে লড়াবেন না।
জেড আই খান পান্না বলেন, যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না। আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানালাম। রাষ্ট্র আমাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে যে নিয়োগ দিয়েছে তার ফরমাল চিঠি এখনও পাইনি। চিঠি পেলে আমি ফরমাল ওয়েতে পদত্যাগের বিষয়টি জানাব।
এ সময় নিজেকে ভুল না বোঝার অনুরোধ জানান তিনি। বলেন, বিক্রয়যোগ্য পণ্য আমি না। আমার সিদ্ধান্ত ভুল হতে পারে। তবে আমি যেটা যখন সঠিক মনে করেছি সেটাই করেছি।
তিনি বলেন, সম্প্রতি আমার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আমি এ মামলায় তার পক্ষে লড়ব।
ভিডিও বার্তায় দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজিব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দেন তিনি।
এর আগে গত রবিবার মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে জেড আই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই নিয়োগ দেন।
Leave a Reply