রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি সম্রাটের অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১০৬ সময় দেখুন

ঢাকা, ২৮ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): অস্ত্র আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ওরফে ‘ক্যাসিনো সম্রাট’-কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

 

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন। তবে আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

 

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিল্লাল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে র‌্যাব সম্রাটকে গ্রেফতার করে। পরে তাকে নিয়ে রাজধানীর কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করে র‌্যাব।

 

বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে সম্রাটকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দেন। পরদিন ৭ অক্টোবর র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রমনা থানায় তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা করেন।

 

তদন্ত শেষে ২০২০ সালের ৬ নভেম্বর র‌্যাব-১ এর উপ-পরিদর্শক (এসআই) শেখর চন্দ্র মল্লিক আদালতে অস্ত্র মামলার অভিযোগপত্র দাখিল করেন।

 

গত ১৬ জানুয়ারি আদালত সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। ওই দিন আসামি উপস্থিত না থাকায় তার জামিন বাতিল ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

 

বিচার চলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। গত ৭ অক্টোবর উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের জন্য আজকের (২৮ অক্টোবর) দিন ধার্য করা হয়।

 

২০১৯ সালে রাজধানীতে অবৈধ ক্যাসিনো কেলেঙ্কারি ফাঁসের পর সম্রাটের নাম সামনে আসে। যুবলীগের এই প্রভাবশালী নেতা তখন রাজধানীর বিভিন্ন ক্লাবে অবৈধ ক্যাসিনো ব্যবসার নিয়ন্ত্রণে ছিলেন বলে অভিযোগ ওঠে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর