মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ০১ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সাভারের আশুলিয়ার একটি ভাড়া বাড়িতে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে বাড়ির ম্যানেজার মাহবুবুর রহমান গিয়াস (৪৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মাহবুবুর রহমান গিয়াস দীর্ঘদিন ধরে এক ভাড়াটিয়া তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলে। তরুণী পরে বুঝতে পারেন, তাকে প্রতারণার ফাঁদে ফেলা হয়েছে। এতে মানসিকভাবে ভেঙে পড়লে তিনি আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেন।
ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ র্যাব-১ এর সহযোগিতায় অভিযান চালিয়ে গিয়াসকে গ্রেপ্তার করে। তাকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে এবং এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, এমন ঘটনা ভাড়াবাড়ি ব্যবস্থাপনার নামে গড়ে ওঠা এক ধরনের অনৈতিক ও অপরাধমূলক চক্রের দৃষ্টান্ত। পুলিশ বলছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply