জাহাঙ্গীর আলম-মির্জাপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ২১ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুরে মাদক সেবনের অপরাধে দুই মাদকসেবীকে ১ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এ সময় তাদের প্রত্যেককে ১শ টাকা করে জরিমানাও করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান তাদের এ সাজা দেন।
আজ সোমবার (২১ জুলাই) দুপুরে পৌরসভার ১নং ওয়ার্ড পুষ্টকামুরী গ্রামের ওয়াজেদ মিয়ার ভিটা থেকে তাদের আটক করা হয়। কারাদন্ড প্রাপ্তরা হলেন পুষ্টকামুরী গ্রামের হানিফ মিয়ার ছেলে খোকন মিয়া ও দেওহাটা গ্রামের দেলুয়ার হোসেনের ছেলে সোহেল রানা।
জানা গেছে, পুষ্টকামুরী গ্রামের ওয়াজেদ মিয়ার ভিটায় মাদক সেবীরা বসে মাদক সেবন করে থাকে। খবর পেয়ে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাসুদুর রহমান ওই ভিটায় অভিযান চালান। এসময় হিরোইন সেবনরত অবস্থায় তাদের দুজনকে পাওয়া যায়। পরে তাদের প্রত্যেককে ১শ টাকা করে অর্থদন্ড ও ১মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালতে বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানিয়েছেন।
Leave a Reply