বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

ভাঙারি ব্যবসায়ীকে প্রকাশ্যে মাথা থ্যাঁতলে হত্যা : টিটন গাজী পাঁচ দিনের রিমান্ডে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৮০ সময় দেখুন

ঢাকা, ১২ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ীকে প্রকাশ্যে মাথা থ্যাঁতলে হত্যার ঘটনায় করা মামলায় টিটন গাজীর (৩৩) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। টিটন গাজী এজহারনামীয় ৯ নম্বর আসামি।

 

আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

কোতোয়ালি থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার কোতোয়ালি থানার জিন্দাবাহার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

 

গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে প্রকাশ্যে কংক্রিট বোল্ডার দিয়ে শরীর ও মাথা থ্যাঁতলে হত্যা করা হয় ভাঙারি ও পুরনো তারের ব্যবসায়ী মো. সোহাগ ওরফে লাল চাঁদকে। ওই ঘটনায় পরের দিন ১০ জুলাই নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনকে আসামি করা হয়।

 

নিহত মো. সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকার ৪ নম্বর রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করতেন।

 

এদিকে পাথর নিক্ষেপ করে প্রকাশ্যে সোহাগকে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ফেসবুকে অনেকেই এর নিন্দা জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর