চট্টগ্রাম, ১৯ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): চট্টগ্রাম নগরের টেরিবাজার এলাকার বহুতল বাণিজ্যিক ভবন কেবি অর্কিড প্লাজা-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টার পরপরই এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ৯টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাদের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ১০টা ৫৩ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
নিহতরা হলেন- চট্টগ্রামের পটিয়া উপজেলার বধুপুর মির্জা বাড়ি এলাকার মোহাম্মদ ইউনুস (৫২) এবং পাচুরিয়া এলাকার সোলাইমান (২৮)। এ ঘটনায় মোহাম্মদ মামুন (২৮) গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ব্যবসায়ী সমিতির দাবি, একটি টেইলার্স দোকান থেকে আগুনের শুরু হয়, যেখানে কর্মচারীদের বেতন-বোনাস দেওয়ার জন্য আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকা নগদ রাখা ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেহেরির পর থেকে এলাকায় বিদ্যুৎ ছিল না। সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ সরবরাহ চালু হওয়ার সঙ্গে সঙ্গেই আগুনের সূত্রপাত ঘটে।
১০ তলা বিশিষ্ট এ ভবনের নিচের পাঁচ তলায় শপিং মল এবং ওপরের পাঁচ তলায় আবাসিক ফ্ল্যাট রয়েছে। আগুন চতুর্থ তলা থেকে শুরু হয়ে দ্রুত পঞ্চম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে, এতে ভবনের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।
Leave a Reply